
শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী বাবা ও ছেলে—নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রহ্মপুত্র ব্রিজ এলাকার দক্ষিণ পাশে পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৬০) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর–জামালপুর সড়কের ব্রিজ এলাকায় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য পুলিশ সদস্যরা সংকেত দেন। এ সময় ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তবে তাদের সঙ্গে থাকা একটি শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে শেরপুর–জামালপুর মহাসড়ক অবরোধ করে। এতে ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।