নোটিশ:

ইমাম নিয়োগ নিয়ে বিএনপি ও জামায়াত দ্বন্দ্ব, সিরাজগঞ্জে মসজিদে তালা; বাইরে ফজরের নামাজ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জের বাগবাটিতে মসজিদে তালা

সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের পেঁচিবাড়ি জামে মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের বিরোধের জেরে মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার ভোরে ফজরের সময় তালাবদ্ধ অবস্থায় মসজিদ পেয়ে মুসল্লিরা বাইরে নামাজ আদায় করেন। পরে পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের উপস্থিতিতে তালা ভেঙে নামাজের ব্যবস্থা করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পেঁচিবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদের মূল ফটকে তালা ঝুলতে দেখেন। পরিস্থিতি উত্তপ্ত হলে খবর দেওয়া হয় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ-কে। দুপুরে পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধিদের উপস্থিতিতে তালা ভেঙে মসজিদ খুলে দেওয়া হয়।

বাগবাটি ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর জামায়াত-সমর্থিত ব্যক্তিরা এককভাবে মসজিদ কমিটি গঠন করে। তখন আব্দুল হাই নামে এক ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া হয়। তাকে নিয়ে মুসল্লিদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও দাবি করেন তিনি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, আব্দুল হাইয়ের নামাজ পড়ানো ও কেরাত নিয়ে আপত্তি তুলে তাকে অপসারণের দাবি ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তবে বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমির মো. ছানোয়ার হোসেন দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে বলেন, এটি গ্রামের অভ্যন্তরীণ বিষয়কে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা। মসজিদে তালা দেওয়ার ঘটনা নিন্দনীয় এবং এর সঙ্গে দলীয় কোনো সিদ্ধান্ত জড়িত নয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে জিজ্ঞাসাবাদ করে। কে বা কারা তালা দিয়েছে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। পরে সংশ্লিষ্টদের সহযোগিতায় তালা খুলে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি জোরদার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT