হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম
- আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
- ৪৭ বার দেখা হয়েছে

পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬-এ আন্তর্জাতিক বক্তা হিসেবে অংশ নিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোচেক প্রোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানহা তাবাসসুম।
১০ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনের ২৩তম হেলথ এশিয়া কনফারেন্সে বিভিন্ন দেশের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা অংশ নেন। “ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যসেবার রূপান্তর” প্রতিপাদ্যে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক ডিজিটাল স্বাস্থ্য সম্মেলনে তানহা তাবাসসুম বক্তৃতা দেন। পাকিস্তান সেন্টার ফর ডিজিটাল হেলথ ও দেশটির জাতীয় স্বাস্থ্য পরিষেবা, প্রবিধান ও সমন্বয় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
তানহা তাবাসসুম বলেন, পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবাবিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ এবং দেশটির ডিজিটাল স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি শোনা ছিল সফরের অন্যতম উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
বক্তব্যে তিনি যুক্তরাজ্যে এডিএইচডি ও অটিজম মূল্যায়নের দীর্ঘ অপেক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁর ভাষ্য, বর্তমান চাহিদার তুলনায় প্রচলিত রোগনির্ণয় ব্যবস্থা পর্যাপ্ত নয়। নিউরোচেক প্রো মূল্যায়নের বিভিন্ন ধাপ একটি রেকর্ডে সংরক্ষণ করে, যাতে রোগীরা স্বাধীনভাবে প্রক্রিয়া শুরু করতে পারেন এবং চিকিৎসকেরা সুশৃঙ্খল তথ্য নিয়ে সরাসরি রোগনির্ণয়ের পর্যায়ে যেতে পারেন।
সম্মেলনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্বাস্থ্যসেবা নেতাদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকেও যোগ দেন তিনি। পাকিস্তানের স্বাস্থ্যবিষয়ক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কর্মসূচির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরশাদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনায় দেশটিতে স্নায়ুবিকাশজনিত রোগনির্ণয়ের অগ্রগতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তানহা।
তিনি বলেন, প্রযুক্তি সেবার পরিধি বাড়াতে পারে, তবে স্বাস্থ্যকর্মী, প্রতিষ্ঠান ও প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগ ছাড়া এত বড় ব্যবধান পূরণ সম্ভব নয়। চিকিৎসাবিষয়ক বিচারবোধের সঙ্গে আপস না করে প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায়—পাকিস্তানের চিকিৎসক সম্প্রদায় সে বিষয়েই গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রথম পাকিস্তান সফরে আমন্ত্রণ ও আতিথেয়তার জন্য ড. জাকিউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানান তানহা তাবাসসুম। চট্টগ্রামের সঙ্গে পারিবারিক শিকড় থাকা তানহা বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আবিদা ইসলামের পুত্রবধূ।






Leave a Reply