কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা

কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
কালুরঘাট নতুন রেল-কাম-সড়ক সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেল-কাম-সড়ক সেতুর নির্মাণকাজ দ্রুত ও দৃশ্যমানভাবে শুরুর দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং মহাসচিব আবু তাহের চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিতে নির্দিষ্ট সময়ে নির্মাণকাজ শুরুর সরকারি প্রতিশ্রুতি ও ঘোষণার বাস্তবায়ন না হওয়া এবং দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার স্মারকলিপিটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক মনোয়ারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান শিল্পী শাহরিয়ার খালেদ, মহাসচিব আবু তাহের চৌধুরী, যুগ্ম-মহাসচিব মো. কামরুল ইসলাম, রাজনীতিক মিতুল দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, সার্ক মানবাধিকারের বিভাগীয় মহাসচিব জাফর ইকবাল, শিশুসাহিত্যিক কবি তসলিম খাঁ, ফোরামের বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আক্তার হোসেন নিজামী, পরিবেশকর্মী মাসুদ রানা, সংস্কৃতিকর্মী জসিম উদ্দিন চৌধুরী, মানবাধিকারকর্মী রোজী চৌধুরী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, নারীনেত্রী আফরোজা সুলতানা পূর্ণিমা, তাহেরা শারমিন, সাবরিনা আফরোজা, লায়ন অলি আহমদ পিন্টু, সাংবাদিক ইলিয়াছ রিপন, জসিম উদ্দিন, এ কে আজাদ, সমাজসেবী মাঈনুদ্দিন এবং আইটি বিশেষজ্ঞ মিসেস আজমেরী প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, একনেক অনুমোদনের প্রায় দুই বছর পরও কালুরঘাট নতুন সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণ ও মূল নির্মাণকাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে চট্টগ্রামবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। ১৪ মে ২০২৫ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেতুটির ভিত্তিপ্রস্তর উন্মোচন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে ১৬ নভেম্বর ২০২৪ চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নির্মাণকাজ শুরুর সময়সীমা জানিয়েছিলেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, ২৬ নভেম্বর ২০২৪ এক সংবাদমাধ্যমে কালুরঘাট সেতু নির্মাণসংক্রান্ত ফোকাল পার্সন ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক প্রধান প্রকৌশলী (সেতু) মো. গোলাম মোস্তফা পরামর্শক নিয়োগ, ভূমি অধিগ্রহণ, বিস্তারিত নকশা ও টেন্ডার প্রক্রিয়ার সম্ভাব্য সময়সূচি জানিয়েছিলেন; তবে সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।

চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রকল্পটিকে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে ঘোষণা, বিলম্বের কারণ প্রকাশ, নির্দিষ্ট সময়সূচি ঘোষণা, আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান কাজ শুরু এবং ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, কালুরঘাট নতুন রেল-কাম-সড়ক সেতু দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের পাশাপাশি চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল, কক্সবাজার রেল যোগাযোগ ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গেও সম্পর্কিত। দীর্ঘ বিলম্বে প্রকল্পের ব্যয়, জনদুর্ভোগ ও যানজট বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জনগণকে সঙ্গে নিয়ে কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের ভাষ্য, এই দাবি এখন আর শুধু আঞ্চলিক নয়; এটি জাতীয় গুরুত্বের দাবিতে পরিণত হয়েছে।

ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ‘কালুরঘাট নতুন সেতুর স্বপ্নটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই নীরব হব না। আমাদের দাবি অরাজনৈতিক ও সামাজিক। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণের জন্য গঠনমূলক ও শান্তিপূর্ণভাবে আমাদের সচেতন প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT