শায়খ আহমাদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

শায়খ আহমাদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য রাষ্ট্র সংস্কার সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় আলেম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে তারা ‘হ্যাঁ’-এর পক্ষে থাকলেও তা অবশ্যই ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখেই হতে হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ এ অবস্থান জানান। তিনি লেখেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে।

তবে সংস্কার সংক্রান্ত সব কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে কার্যকর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শায়খ আহমাদুল্লাহ বলেন, এ ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে, তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, “‘হ্যাঁ’ ভোট মানে যেন যে কোনো পরিবর্তন নয়; বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার হয়।”

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি পৃথক ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালট থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অন্য ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য। এই ব্যালটে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না—সে প্রশ্নের বিপরীতে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT