নোটিশ:
শিরোনামঃ
এনআইডি সংশোধনকে ভোগান্তিমুক্ত করতে চাই সময়সীমা ও জবাবদিহি ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনা ফের শুরুর ইঙ্গিত, বড় বাধা ভূখণ্ড ও নিরাপত্তা চীন সফরে কিম জং উন, চালু হলো নতুন ইয়ালু নদী সেতু জাতিসংঘ সংস্কার ও বহুপক্ষীয় সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কুয়াকাটায় পর্যটক নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত উন্নয়নের তাগিদ বিদ্যুৎ স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি পুনর্নির্ধারণ উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনায় ঢাকা সফরে আসছেন জার্মানির উপমন্ত্রী রেশমশিল্পে যান্ত্রিকীকরণ ও প্রান্তিক তাঁতিদের কাঁচামাল সহজলভ্য করার সুপারিশ বাংলাদেশি চোখের রোগীদের জন্য চীনের কুনমিংয়ে বিশেষ সেবা চালু জাতীয় পরিচয়পত্র সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি: ইসি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘জুলাই স্মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে
জুলাই জাককনইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। ‘জুলাই স্মরণ’ শিরোনামে বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দিনব্যাপী আয়োজিত এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে। সকালেই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুক্তি মো. আব্দুল হাকীম। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল আলোচনা পর্ব শুরু হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কাজ করতে পারছি। এই বিশ্ববিদ্যালয় থেকে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য দূর করার চেষ্টা করছি। যেসব শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী বঞ্চিত হয়েছিলেন, তাদের অধিকাংশের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি।” তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে যারা বাধা দিয়েছে বা আন্দোলনকারীদের নির্যাতন করেছে, তাদের বিচার প্রয়োজন। প্রমাণ, স্বাক্ষ্য, ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে এখনো তথ্য পাওয়া যায়নি, তদন্তে সহযোগিতা করতে তোমাদের কাছে কোনো প্রমাণ থাকলে তা দিতে অনুরোধ করছি।”

ছাত্র সংসদ নির্বাচন নিয়েও তিনি বক্তব্য রাখেন। বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা কয়েকটি সভা করেছে। যেহেতু বিশ্ববিদ্যালয় আইনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন বিষয়ে তারা কাজ করছে।”

জুলাই প্রসঙ্গে আবেগভরা স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর গত ৫৫ বছরে এমন জাতীয় ঐক্য আর দেখা যায়নি, যেমনটি আমরা জুলাইয়ে দেখেছি। এই স্পিরিট কখনোই হারিয়ে যাবে না। ভবিষ্যতে কোনো অন্যায় সরকার বেশিদিন টিকতে পারবে না।” নিজের অংশগ্রহণের কথা স্মরণ করে বলেন, “৫ আগস্ট ভোরে কারফিউ ভেঙে, বৃষ্টিতে ভিজে প্রথমে শহিদ মিনারে এবং পরে রাজু ভাস্কর্যে সহকর্মীদের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলাম।”

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং অনুষ্ঠান কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ। সঞ্চালনায় ছিলেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম। সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার এক বিশেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা ব্যক্ত করেন। তারা জানান, কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েও প্রতিবাদে নেমেছিলেন এবং এখনো সেই মুহূর্ত তাদের প্রেরণার উৎস হয়ে আছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT