কুবিতে মহালয়া উদযাপন ও প্রবীণদের অন্নপ্রসাদ

- আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
- ৫৩ বার দেখা হয়েছে


শারদীয় দুর্গোৎসব সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) মহালয়া উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ভোর থেকে ধর্মীয় আচার, আগমনী সংগীত ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ছয়টায় মঙ্গল আরতির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বেদপাঠ, চণ্ডীপাঠ ও দুর্গা গায়ত্রী জপ, আগমনী সংগীত, চিঠি প্রতিযোগিতা, ধুনুচি নৃত্য এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ নাটিকা ও পুরস্কার বিতরণীর কর্মসূচি রাখা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে টিক্কারচরের শ্রীশ্রী শ্মশানকালী বাড়ি ও শিবমন্দিরসংলগ্ন বৃদ্ধাশ্রমের প্রবীণদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করেন শিক্ষার্থীরা। সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ পাল জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ ও উৎসবের আনন্দ প্রবীণদের সঙ্গে ভাগাভাগি করাই ছিল তাঁদের লক্ষ্য।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক কণিকা দাশ বলেন, পরিবারের বাইরে থাকা শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাসে মহালয়া উদযাপন নিজেদের শিকড় ও পারস্পরিক বন্ধন অনুভবের সুযোগ তৈরি করে। সংসদের সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানান।
আয়োজকেরা অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






Leave a Reply