নোটিশ:
শিরোনামঃ
সড়কে মৃত্যু কমাতে অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা চাই এআই প্রতিযোগিতায় ডিপসিকের প্রায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সেরা পরিস্থিতিতেও উষ্ণতা ১.৭–১.৮ ডিগ্রি বাড়তে পারে: জাতিসংঘ তাইওয়ানের দিকে ধেয়ে আসছে টাইফুন চ্যাম্পি, বাতিল দুই শতাধিক ফ্লাইট হুতি হামলায় সরবরাহ উদ্বেগ, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চে PHP ত্রুটি প্রকাশের পর বিশ্বজুড়ে হ্যাকিং প্রচেষ্টা বেড়েছে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড আলিস আল ইসলাম বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা সাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

পদত্যাগ চাই—শিক্ষা উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে রাজপথে উত্তাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩২৯ বার দেখা হয়েছে
সচিবালয়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি এবং গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত—এই দুই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে আজ রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজবাড়ীসহ একাধিক শহরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং সড়ক অবরোধ করেছে তারা।

মঙ্গলবার দুপুরের পর থেকেই ধানমন্ডি, মিরপুর, মগবাজার, সায়েন্সল্যাবসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীরা মিছিল বের করে এবং সড়কে বসে পড়ে। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজসহ অন্তত পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেন।
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “মাইলস্টোন কলেজে যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছে, তাদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি চলছে। আমরা জানতে চাই—আসলে কতজন মারা গেছে? কেন তাদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি?”

তারা আরও বলেন, “রাত ৩টায় পরীক্ষার স্থগিতাদেশ দিয়ে সরকার দেখিয়েছে, তারা শিক্ষার্থীদের মানসিক অবস্থা বোঝে না। আমরা জানতাম না সকালে পরীক্ষা হবে কি না—এমন অনিশ্চয়তায় হাজারো শিক্ষার্থী একরকম মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে।”

একই দিনে দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখানে ছয় দফা দাবি উত্থাপন করে তারা। ঘটনাস্থলে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম শিক্ষার্থীদের দ্বারা কিছু সময়ের জন্য অবরুদ্ধ হন। পরে আইন উপদেষ্টা আশ্বাস দেন, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

তবে এই আশ্বাসে আন্দোলন থামে না। বরং তা ছড়িয়ে পড়ে ঢাকার বাইরের শহরগুলোতেও। চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয় কয়েকশ শিক্ষার্থী। তারা বোর্ডের মূল ফটকের সামনে বসে পড়ে, কেউ কেউ সড়কের ওপর শুয়ে পড়ে। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের এক শিক্ষার্থী মো. রায়হান বলেন, “বিমান দুর্ঘটনায় আমাদের সহপাঠীদের মৃত্যু হয়েছে। অথচ শিক্ষা উপদেষ্টা পরীক্ষা চালিয়ে যাওয়ার চিন্তা করছেন—এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে আমরা হতবাক। তাদের পদত্যাগ করা উচিত।”

রাজবাড়ীতেও রাজপথে নামে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করে তারা। রেলগেট ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা সমাবেশ করে। শিক্ষার্থী তামিম, আতিক, উম্মে সাদিয়া বক্তব্যে বলেন, “এই শিক্ষা প্রশাসনের আমরা আর কাউকে বিশ্বাস করি না। আমরা চাই নিরপেক্ষ তদন্ত, আমরা চাই শিক্ষার্থীবান্ধব প্রশাসন। আর এই প্রশাসনকে নেতৃত্ব দেওয়া বর্তমান উপদেষ্টা ও সচিব পদত্যাগ না করলে আন্দোলন চলবে।”

শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT