সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি, ৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ

সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি, ৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৮৮ আসনের বেসরকারি ফলে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি জোট ১৯৯টি আসনে জয় পেয়েছে। এতে দলটির নেতৃত্বে সরকার গঠনের পথ কার্যত উন্মুক্ত হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৩টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ১০টি আসনে।

দেশের রাজনৈতিক ইতিহাসে সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে টানা নারী নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান ছিলেন। এবারের ফল সেই ধারাবাহিকতায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

https://www.detroitnews.com/gcdn/authoring/authoring-images/2026/02/12/PDTN/88641076007-20260212-t-135644-z-682447962-rc-2-dkjayqlti-rtrmadp-3-bangladeshelection.JPG?auto=webp&fit=crop&format=pjpg&height=441&width=660

নির্বাচনে জয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সকাল ৭টা ৩০ মিনিটে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। পরে শুরু হয় গণনা।

শেরপুর-৩ আসন (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন—দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০।

মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT