নোটিশ:

জীবিত থাকতেই নিজের ‘চল্লিশা’ করলেন বৃদ্ধ, খেলেন ২ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে
আব্দুস সামাদ

জীবিত অবস্থায় নিজের ‘চল্লিশা’র আয়োজন করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার এক বৃদ্ধ। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে নিজ বাড়িতেই আয়োজন করেন দোয়া ও ভোজের অনুষ্ঠান, যেখানে প্রায় দুই হাজার মানুষ অংশ নিয়ে খাবার গ্রহণ করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৭০) বুধবার (৫ আগস্ট) নিজের বাড়িতে এ আয়োজন করেন। তিনি ওই গ্রামের মৃত শুকর আলীর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন আব্দুস সামাদ। ইতোমধ্যে তিনি নিজের সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মৃত্যুর পর তার স্মরণে পরিবারের সদস্যরা চল্লিশার আয়োজন করবেন কি না—এমন সংশয় থেকেই জীবদ্দশায় নিজেই চল্লিশার অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন।

আয়োজনে অংশ নেয় গ্রামবাসী

গ্রামবাসী জানান, অনুষ্ঠানে মিলাদ ও দোয়ার পাশাপাশি বড় পরিসরে ভোজের আয়োজন করা হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হয়ে খাবার গ্রহণ করেন।

আব্দুস সামাদের ছেলে সামিউল বলেন, বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবারের সবাই এ আয়োজনের সঙ্গে একমত হয়েছেন। মেয়ে সাজেদাও জানান, বাবার মনের সংশয় দূর করতেই তারা এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন।

আব্দুস সামাদ বলেন, বয়সের ভারে এখন তিনি খুব বেশি কাজ করতে পারেন না। তাই পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এই আয়োজন করেছেন। অনুষ্ঠানের জন্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি গরু এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি খাসি কেনা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT