পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ

পরিকল্পিত যাকাত বণ্টনে ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত বণ্টন করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যেই দেশে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিবছর পরিকল্পিতভাবে দরিদ্র পরিবারগুলোকে যাকাত সহায়তা দেওয়া হলে অনেক পরিবারই অল্প সময়ের মধ্যেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ধনী-দরিদ্র মিলিয়ে বর্তমানে প্রায় চার কোটি পরিবার রয়েছে। এসব পরিবারের মধ্যে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে যদি প্রতিবছর পর্যায়ক্রমে পাঁচ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া হয়, তাহলে অধিকাংশ পরিবারই পরবর্তী বছর আর যাকাত গ্রহণের প্রয়োজন অনুভব করবে না।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও আলেম-ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ইসলামের বিধান অনুযায়ী সমাজের অনেক বিত্তবান ব্যক্তি নিজ উদ্যোগেই যাকাত প্রদান করেন। আবার কেউ কেউ সরকারের যাকাত বোর্ডের মাধ্যমেও যাকাত পরিশোধ করেন। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর যাকাতের পরিমাণ ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বেশি। কেউ কেউ এর পরিমাণ আরও বেশি বলেও উল্লেখ করেছেন।

তবে তিনি মনে করেন, সুপরিকল্পিত ও সুসংগঠিতভাবে যাকাত বণ্টন না হওয়ায় এর সম্ভাব্য প্রভাব পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তার ভাষায়, বিত্তবান ব্যক্তিরা যাকাত আদায় করলেও সেই অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা কার্যকর ভূমিকা রাখছে— এটি একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী বিধান অনুযায়ী যাকাত এমনভাবে বণ্টনের কথা বলা হয়েছে যাতে একজন যাকাত গ্রহণকারী প্রথম বছর সহায়তা পাওয়ার পর পরবর্তী বছর আর যাকাত গ্রহণ করতে বাধ্য না হন। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে যাকাত ব্যবস্থাপনা করা গেলে এটি দারিদ্র্য দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।

এ বাস্তবতায় সরকার যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়

ইফতার মাহফিলে উপস্থিত আলেম-ওলামা ও এতিম শিশুদের উদ্দেশে তিনি বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে এবারের ইফতার আয়োজন কিছুটা সীমিত রাখা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এবারের রমজানে মাত্র দুটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আজকের এই আয়োজনে অংশ নেওয়া এতিম সন্তানেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি। পবিত্র কোরআন ও হাদিসে এতিমদের অধিকার আদায়ের বিষয়ে মুসলমানদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে।

এতিমদের প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিলের প্রতীকী গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে সমাজের বিত্তবানদের মধ্যে এতিমদের প্রতি দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এটি ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। কিন্তু দুঃখজনকভাবে রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাসকে লোভ-লাভের মাসে পরিণত করবেন না। যারা এই মাসেও অসাধু পন্থা অবলম্বন করছেন, তাদের প্রতি আহ্বান— মানুষের কষ্টের কারণ হবেন না।

ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ বিভিন্ন আলেম-ওলামা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT