
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মনিটরিং অভিযানে ইফতার সামগ্রী ঢেকে না রাখা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মনিটরিং অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি ও ফলের দোকান পরিদর্শন করা হয়।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে ইফতার সামগ্রী ও মিষ্টান্ন যথাযথভাবে আবৃত করে রাখা হয়নি এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাজারের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্যপণ্য সঠিকভাবে সংরক্ষণ এবং নির্ধারিত স্থানে মূল্যতালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। তিনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।