
জুলাই গণ–অভ্যুত্থানের সময় আলোচনায় আসা বটল-গ্রিন রঙের ‘১০ নম্বর জার্সি’ পরেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তিনি এমপি হিসেবে শপথ নেন।
বেলা সাড়ে ১১টার দিকে একই ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। পরে দুপুর ১টা ২০ মিনিটের পর শপথ অনুষ্ঠানে অংশ নেন হাসনাতসহ এনসিপির ছয় নির্বাচিত প্রার্থী। শপথ শেষে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচন করেন তিনি। নির্বাচনে তিনি ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন ট্রাক প্রতীকে পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।
হাসনাতের পরনের জার্সিটি বটল-গ্রিন রঙের। সামনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো এবং ইংরেজিতে লেখা তাঁর বিভাগের নাম—‘English’। পেছনে ইংরেজিতে লেখা তাঁর নাম ‘Hasnat’ এবং জার্সি নম্বর ১০।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের সময় একই জার্সি পরে আন্দোলনে সক্রিয় অংশ নিতে দেখা যায় তাঁকে। দীর্ঘদিন ধরে একই পোশাকে আন্দোলন চালিয়ে যাওয়ায় জার্সিটি প্রতীকী রূপ পায়। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই জার্সি পরেছিলেন তিনি। পরে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চেও ওই জার্সিতেই উপস্থিত হন।
এবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিনও সেই চিরচেনা জার্সি পরেই উপস্থিত হয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিলেন এনসিপির এই নেতা।
