কুবিতে ছাত্ররাজনীতি পুনরায় উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

কুবিতে ছাত্ররাজনীতি পুনরায় উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় রাজনীতি উন্মুক্ত করার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (২ নভেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর কাছে এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, “গত বছরের ৮ আগস্ট ১০০তম সিন্ডিকেট সভায় আওয়ামী দোসর হিসেবে পরিচিত তৎকালীন উপাচার্য মঈন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। সেই সিন্ডিকেটের অবৈধ সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে, ফলে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি এখনো উন্মুক্ত করা হয়নি। ছাত্রদল জানাতে চায় যে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা প্রতিটি শিক্ষার্থীর সাংবিধানিক অধিকার। কিন্তু ২০২৪ সালের পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের ন্যায় এখনো আমরা বৈষম্যের শিকার হচ্ছি।”

এতে আরও বলা হয়, “যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ গঠিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিবেশ উন্মুক্ত রেখে সকল স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমনকি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে ছাত্ররাজনীতি উন্মুক্ত করেছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উল্টো চিত্র দেখা যাচ্ছে।”

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আমরা ভিসি স্যারের সঙ্গে আমাদের সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলেছি। একটি বিশ্ববিদ্যালয়ে ভিন্ন রাজনীতি থাকবে, সব ছাত্রসংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করবে— এটাই স্বাভাবিক। প্রশাসন যদি রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা দমন করে, তবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।”

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা চাই কুকসু (কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন হোক। তবে তার আগে ছাত্ররাজনীতি উন্মুক্ত করতে হবে। প্রশাসন যদি একতরফা সিদ্ধান্ত নেয়, তা শিক্ষার্থীরা মেনে নেবে না।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। সেটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটির কাছে পাঠানো হবে। কমিটি বিষয়টি বিবেচনা করবে, এরপর কর্তৃপক্ষ অনুমোদন দিলে পদক্ষেপ নেওয়া হবে।”

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT