নজরুল বিশ্ববিদ্যালয়ে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ৬ কিশোর আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ৬ কিশোর আটক

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়) গোপনে আপত্তিকরভাবে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ৬ জন বহিরাগত কিশোরকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১১ জুলাই) সন্ধা ৬ টায় নতুন কলা ভবনের সামনের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। পরে তাদের পুলিশ চৌকিতে হস্তান্তর করা হয়। অভিযুক্তরা হলেন ত্রিশাল উপজেলার স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফয়সাল বলেন, “আমরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডারে ফুটেজ পাওয়া যায়।”

অভিযুক্তদের একজন দাবি করেন, তারা ঘুরতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তার ভাষ্য, তাদের অজান্তেই একজন সঙ্গী তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেন। অপর অভিযুক্তের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি; ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

এছাড়াও,অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT