
কুড়িগ্রামের উলিপুরে পুলিশের চেকপোস্ট দেখে পালাতে গিয়ে সিএনজি উল্টে যাওয়ার ঘটনায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা।
গত ১০ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে আচমকা দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায় যানটি।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালকসহ যাত্রীরা কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত সিএনজি তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেট থেকে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।