
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমার সময়সীমা পাঁচ দিন বাড়ানো হয়েছে। এর ফলে নির্বাচনের তারিখ পেছাতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল পৌনে পাঁচটার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি জানান, সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময়সীমা পাঁচ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
এ ছাড়া নির্বাচন ঘিরে কয়েকটি পরিবর্তনের কথাও জানান তিনি। সেগুলো হলো— ভোটকেন্দ্র আবাসিক ভবনের পরিবর্তে একাডেমিক ভবনে স্থানান্তর, সাইবার সেল গঠন এবং ভোটার তালিকায় ছবি সংযুক্তকরণ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন, ডোপ টেস্টে বেশি সময় লাগা ইত্যাদি দাবির প্রেক্ষিতে আজ আমরা সভায় বসেছিলাম। সভা এখনো শেষ হয়নি। শেষ হলে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।”
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “তফসিল ঘোষণার পর তারা ভর্তি হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।”
এর আগে, গত ২৮ জুলাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।
রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে।