
গেল ১৭ বছর ধরে ‘ফ্যাসিস্টদের দ্বারা শোষিত’ দলের নেতাকর্মীরাই এখন ফ্যাসিজম শুরু করেছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নির্বাচনের পর সারাদেশে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, যার জন্য তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে দায়ী করছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত এক ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে এনসিপির পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন জেলায় তাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এমনকি ক্ষমতায় গেলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির এমন আচরণ আগামীর সুশাসনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করে দলটি। একই সঙ্গে প্রশাসনের ‘নীরব ভূমিকা’ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।
দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, বিএনপিকে বিজয়ী করতে ‘মেটিকুলাস ডিজাইন’ করা হয়েছে। তার দাবি, ২০০টির বেশি আসন নিশ্চিত করতে নির্বাচনে কারচুপি করা হয়েছে। তিনি বলেন, বেশ কয়েকটি আসনে শুরুতে এনসিপি প্রার্থীরা এগিয়ে ছিলেন, কিন্তু পরবর্তীতে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল বদলে দেওয়া হয়েছে।
এ অবস্থায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেলে সংবিধান পরিবর্তনের সুযোগ পেতে পারে। তাই গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানায় এনসিপি।
এছাড়া তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশ আওয়ামী লীগ-কে পুনর্বাসনের চেষ্টা করছে। তবে এনসিপি সুষ্ঠু গণতন্ত্র চর্চার পরিবেশ চায় বলে জানান তিনি।