
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব জাতীয় মৎস্য পদক ২০২৫ অর্জন করেছেন। মৎস্য গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়।
১৮ আগস্ট (সোমবার) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর হাতে এ পদক তুলে দেন।
অধ্যাপক হাবীবের উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে ইলিশ মাছ কৌটাজাতকরণ, নিরাপদ শুঁটকি উৎপাদনে স্মার্ট সোলার সান ড্রায়ার উদ্ভাবন এবং Marine ও Freshwater Biodiversity Portal of Bangladesh প্রতিষ্ঠা। তাঁর নেতৃত্বে দেশের জলসীমা থেকে তিনটি নতুন সামুদ্রিক মাছের প্রজাতি আবিষ্কার হয়, যা বাংলাদেশের মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এছাড়া তিনি মাধ্যমিক পর্যায়ের কৃষি শিক্ষার পাঠ্যবইয়ের মৎস্যবিজ্ঞান অংশের লেখক এবং একাধিক গবেষণাধর্মী বইয়ের রচয়িতা। আন্তর্জাতিক পর্যায়েও তাঁর অবদান রয়েছে। WESTPAC, JSPS ও OBON-এর মতো আন্তর্জাতিক সংস্থার বৈজ্ঞানিক কমিটিতে তিনি দায়িত্ব পালন করছেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের গৌরব বলে উল্লেখ করেন এবং অধ্যাপক হাবীবকে আন্তরিক অভিনন্দন জানান।