
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন একই আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ সৌহার্দ্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নেতাকর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ে হাজির হন মুফতি আমির হামজা। সেখানে তিনি জাকির হোসেন সরকারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাকে মিষ্টি খাওয়ান। উভয় পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ হয়।
মুফতি আমির হামজা বলেন, আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে তিনি জাকির হোসেন সরকারের সহযোগিতা চান। সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নির্বাচনের ফল অনুযায়ী, কুষ্টিয়া-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট।