জুলাই সনদ বাস্তবায়নে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়নে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার দেখা হয়েছে

রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বিএনপি–জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে বিএনপি ও জামায়াতের বাইরে “তৃতীয় শক্তি” হিসেবে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এনসিপির নেতৃত্বে পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফরম ইতোমধ্যেই একত্র হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরেই এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জোট ঘোষণা হলেও দীর্ঘমেয়াদে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করেই মূলত এ জোট প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।

শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন জোটে যুক্ত হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং গণতন্ত্র মঞ্চের একটি দল। এছাড়া গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত পাঁচটি দল ও প্ল্যাটফরমের সমন্বয়ে জোটটির প্রাথমিক কাঠামো গঠিত হয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বিষয়ে যেসব দল ইতিবাচক—তাদের নিয়েই নতুন রাজনৈতিক বলয় তৈরির আলোচনা চলছে। সফল হলে জোটটি দীর্ঘমেয়াদে শাসনতান্ত্রিক সংস্কার নিশ্চিত করবে।”

এর আগে গত অক্টোবরে জোট গঠনের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ যৌথভাবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালন করে। এ ধারাবাহিকতায় চলতি মাসের ৫ তারিখ পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বৈঠকে বসেন। সেখানে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়ন—উভয়ই প্রধান আলোচ্য ছিল।

সবশেষ গত রবিবার ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, কয়েক দিনের মধ্যেই নতুন জোট ঘোষণা হবে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে, তাদের নিয়েই জোট হবে। শেষ সময়ে আরও কয়েকটি দল যোগ দিতে আগ্রহ দেখিয়েছে—তাই ঘোষণা দিতে কিছুটা সময় লাগছে।”
আসন্ন নির্বাচনে জোটবদ্ধ থাকছে কি না—প্রশ্নের জবাবে তিনি বলেন, “জোটের ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য সুদূরপ্রসারী। তবে নির্বাচনেও জোট একতাবদ্ধ থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT