
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।
অন্যবারের তুলনায় এবার জাকসুতে ব্যালটের আকার বড় হয়েছে। জাকসুর জন্য তিন পৃষ্ঠার, দুটি হলের জন্য দুই পৃষ্ঠার এবং বাকি হলগুলোর জন্য এক পাতার ব্যালট পেপার ছাপানো হয়েছে। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে।
এ নির্বাচনে ৩১৫ পদের বিপরীতে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৬২২ জন। এর মধ্যে ছাত্র ৪৪৯ জন এবং ছাত্রী ১৭৩ জন। কেন্দ্রীয় সংসদের ১৭৯ প্রার্থীর মধ্যে ছাত্র ১৩৩ জন এবং ছাত্রী ৪৬ জন। ইতোমধ্যেই ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও আকারে প্রকাশ করেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। ভিডিওটি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পেজে প্রকাশ করা হয়েছে।
ভোটার সুবিধামত সময়ে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।
ভোটার তালিকায় প্রদত্ত ছবির সঙ্গে চেহারা মিলিয়ে এবং তথ্য যাচাই করে পোলিং কর্মকর্তা ভোটারকে সনাক্ত করবেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর পোলিং কর্মকর্তা ভোটার তালিকায় টিক চিহ্ন দেবেন এবং ভোটার নিজে নামের পাশে স্বাক্ষর করবেন।
এরপর ভোটার নম্বর জানিয়ে ব্যালট সংগ্রহ করে গোপন ভোট কক্ষে প্রবেশ করবেন।
গোপন ভোট কক্ষে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করে প্রার্থীর পাশের ঘরে স্পষ্টভাবে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
ভোটদান শেষে ব্যালট পেপার ভাঁজ করে নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদা ব্যালট বক্স থাকবে।
উল্লেখ্য, প্রায় ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।