জাকসু নির্বাচন : নজরুল হলে সর্বাধিক প্রার্থী, উৎসবমুখর প্রচারণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

জাকসু নির্বাচন : নজরুল হলে সর্বাধিক প্রার্থী, উৎসবমুখর প্রচারণা

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে এবার সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৫৫ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনের রিটানিং অফিসার অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন স্বাক্ষরিত চুড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে ৫ জন; সাধারণ সম্পাদক (জিএস) পদে ৬ জন; সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৪ জন; সাহিত্য সম্পাদক পদে ৫ জন; রিডিং রুম সেক্রেটারি পদে ৪ জন ; কমনরুম সেক্রেটারি পদে ৪ জন; ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে ৫ জন; স্বাস্থ্য সম্পাদক পদে ৩ জন; সমাজসেবা সম্পাদক পদে ৫ জন; সামাজিক বিনোদন ও নাটক সম্পাদক পদে ১ জন; ক্রীড়া সম্পাদক পদে ৪ জন ; সহ-ক্রীড়া সম্পাদক পদে ৪ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভোটের আমেজ ইতোমধ্যে হলে ছড়িয়ে পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তারা শিক্ষার্থীদের কক্ষ কক্ষে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। পাশাপাশি ব্যানার , লিফলেট বিতরণ ও পরিচিতিমূলক প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজেদের পক্ষে সমর্থন আদায় করছেন।
সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ৫২ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো: সাজ্জাদ হোসেন বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নতুন ও আধুনিক হওয়া সত্ত্বেও এতে নানা অসুবিধা দেখা যাচ্ছে প্রতিনিয়তই। হলে খেলাধুলা উপযোগী কোনো স্থান নেই। প্রতি তরায় অগ্নিনির্বাপক যন্ত্র এখনো বসানো হয় নি। আমি সকল সমস্যা নিয়ে কাজ করতে চাই।
প্রচারণায় তুমুল সাড়া পাচ্ছি, ৩৩ বছর পর জাকসু হওয়ায় সকলের মাঝে আমেজ কাজ করছে। আমরা যারা নির্বাচন করছি আমরাও নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৫১ ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: সোহেল রানা বলেন, নির্বাচিত হলে হলকে স্মার্ট, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করার জন্য কাজ করবো। স্বাস্থ্য, নিরাপত্তা, ক্যান্টিনের মান, সাইকেল-বাইক স্ট্যান্ড আর খেলাধুলা ও সংস্কৃতির সুযোগ বাড়ানো আমার অগ্রাধিকার। প্রচারণায় শিক্ষার্থীরা খুব ইতিবাচক সাড়া দিচ্ছে, কারণ আমার ইশতেহার আসলে তাদেরই দাবি।
ক্রীড়া সম্পাদক প্রার্থী ৫২ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরেফিন ফাহিম বলেন, মোটামুটি অনেকের সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলে হলের সামনের মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে তুলবো ইনশাল্লাহ। সেইসাথে বিভিন্ন টুর্নামেন্ট যেমন: ই-স্পোর্টস, ফুটসাল, শর্টপিচ ছাড়া, হলে টেবিল টেনিস বোর্ডের ব্যবস্হা করা, মিনি জিমনেসিয়াম করার কাজ করবো ইনশাআল্লাহ।
হলের শিক্ষার্থীরা বলছেন, প্রচারণার কারণে হলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কাজী নজরুল ইসলাম হলের এক শিক্ষার্থী সিফাত জাহান সৌরভ বলেন, “প্রার্থীরা আমাদের রুমে এসে সরাসরি কথা বলছেন। এতে আমরা তাদের পরিকল্পনা জানতে পারছি এবং ভালোভাবে বিচার করার সুযোগ পাচ্ছি।”
আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, “এবার প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হবে জমজমাট। তবে আমরা চাই, নির্বাচিতরা যেন সত্যিই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেন।”
প্রার্থীদের প্রচারণা ও শিক্ষার্থীদের উৎসাহ দেখে ধারণা করা হচ্ছে, নজরুল হলে এবারের নির্বাচনে সবচেয়ে তীব্র ভোটযুদ্ধ হবে।
উল্লেখ্য প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর এবারের জাকসু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT