
শরতের আগমন উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘শরৎ সম্ভাষণ’।
সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব সংগঠন ‘অভয়ারণ্য’র আয়োজনে ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসব আয়োজন করা হয়। এতে গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য ‘বায়োস্কোপ’ পরিবেশিত হয়, যা দেখতে শিক্ষার্থীরা ভিড় জমান। অনুষ্ঠান শেষে আগুন জ্বালিয়ে পরিবেশিত হয় মশাল গান।
শরৎ সম্ভাষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, অভয়ারণ্য একটি অনন্য আয়োজন করেছে। এখানে বিলীন হতে থাকা গ্রামীণ ঐতিহ্য যেমন ‘বায়োস্কোপ’ ও মৃৎশিল্প প্রদর্শিত হয়েছে, তেমনি উন্মুক্ত খাঁচা আর ভেলা ভেলা মেঘের দলা সাজসজ্জায় ফুটে উঠেছে মুক্তির বার্তা। পাশাপাশি বিভিন্ন লেখকের বই প্রদর্শন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হয়েছে।
অভয়ারণ্যের সভাপতি নিয়ামুল ফারাবী বলেন, প্লাস্টিক ও বর্জ্য থেকে তৈরি রঙিন সজ্জা দিয়ে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে, যা পরিবেশবান্ধব। ঝুলানো কাগজের মেঘ, পাখি আর শরতের ঘন সাজসজ্জা ছিল বিশেষ আকর্ষণ। ঐতিহ্যবাহী মাটির শিল্পপণ্য প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শেকড়চিন্তার সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া খাঁচা সাজানো হলেও ভেতরে কোনো পাখি রাখা হয়নি—যাতে উন্মুক্ত আকাশে স্বাধীনতার প্রতীক প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, এবারের মূল আকর্ষণ ছিল পুরোনো দিনের বিনোদন ‘বায়োস্কোপ’। এতে দর্শনার্থীদের জন্য চর্যাপদ থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্য–সংস্কৃতি প্রদর্শিত হয়েছে। তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।