উগ্র গোষ্ঠীর নতুন সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উগ্র গোষ্ঠীর নতুন সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার দেখা হয়েছে

কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত নতুন ধরনের সহিংসতার বিরুদ্ধে দেশের সকল নাগরিককে দৃঢ় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্ব্যর্থহীন নিন্দাও জানিয়েছে সরকার।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে শান্তির পথ উপেক্ষা করছে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, বরং এটি একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন।

সরকার বলেছে, হাদির আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের নৈতিক অঙ্গীকারে অবিচল থাকতে হবে।

সংবাদমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ-এর সাংবাদিকদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস ও সহিংসতার শিকার হওয়া সাংবাদিকদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করে সরকার স্পষ্টভাবে জানায়, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসের মুখেও সাংবাদিকদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে এবং এসব হামলার ঘটনায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এছাড়া, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক ও সহিংস অপরাধের কোনো স্থান নেই। এ নৃশংস ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতির শেষাংশে সরকার সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলে, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমেই শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT