
প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-স্পোর্টস ক্লাব। প্রাথমিকভাবে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রযুক্তিনির্ভর সহশিক্ষা কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ই-স্পোর্টস ক্লাব।
বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টাদের অনুমোদনক্রমে প্রাথমিকভাবে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম। সদস্য সচিব হিসেবে রয়েছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহরাব হোসেন।
এ বিষয়ে আহ্বায়ক মো. মাইনুল ইসলাম বলেন, “ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি সম্ভাবনাময় ও বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম। বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্লাব বহুদিন ধরে সক্রিয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, দক্ষতাভিত্তিক ও সংগঠিত ই-স্পোর্টস পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, দলগত কাজ এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
সদস্য সচিব মেহরাব হোসেন বলেন, “ই-স্পোর্টসের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার বড় সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে এগোতে পারলে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারবে।”
তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ক্লাবটি কুবির শিক্ষার্থীদের জন্য নতুন ও ইতিবাচক নানা কার্যক্রম হাতে নেবে।