জাককানইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি প্রেস ক্লাবের ৯ম বছরে পদার্পণ, সত্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার বুটেক্স হলে চুরির আতঙ্ক! ছাত্রীদের রুমে ঢুকে ল্যাপটপ-ফোন উধাও জাককানইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ওয়াশরুম-অযুখানা চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা রেলে ছড়াচ্ছে ইনোভেশন: নেপথ্যে যে তরুণ রেল কর্মকর্তা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ‘সুফরাতুল ইয়াতামা’

জাককানইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাহমুদা নাঈমা. জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৭ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতি ছিল ৮৭ শতাংশেরও বেশি—যা প্রশাসনের প্রস্তুতি ও ব্যবস্থাপনার সফলতাকেই তুলে ধরেছে।

শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাওয়া তথ্যমতে, কেন্দ্রে ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৯০০ জন। উপস্থিতির হার ছিল ৮৭.১৬ শতাংশ।

এসময় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন—

“বি ইউনিটের পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং নতুন কলা ভবনের ১০৬টি কক্ষে অনুষ্ঠিত হয়। আমরা বেশ কয়েকটি কক্ষ পরিদর্শন করেছি। প্রতিটি কক্ষেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নের মান ভালো হয়েছে এবং শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ ও সাংবাদিকবৃন্দ সবাই আমাদের সহযোগিতা করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”

একই সঙ্গে আগামী ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিট ও ব্যবহারিক পরীক্ষাতেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ভর্তি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। রাস্তার যানজট নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা থেকে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের আসনসংখ্যার ভিত্তিতে পৃথক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০,৩৫৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT