
দীর্ঘদিনের বকেয়া ‘ওভারফ্লাইট চার্জ’ পরিশোধ না করায় ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারছে না সংস্থাটি।
বেবিচক সূত্র জানায়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বিধি অনুযায়ী বাংলাদেশের আকাশপথ ব্যবহারের বিপরীতে স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা জমা হয়েছে। বারবার তাগাদা ও সময়সীমা বাড়ানো হলেও সংস্থাটি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শেষ পর্যন্ত বকেয়া আদায়ে কঠোর অবস্থান নিতে বাধ্য হয় নিয়ন্ত্রক সংস্থাটি।
নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে স্পাইসজেটের পূর্বাঞ্চলীয় রুটগুলোতে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম Flightradar24-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলো এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে বিকল্প করিডোর ব্যবহার করছে। এতে প্রতিটি ফ্লাইটে সময় ও দূরত্ব বেড়েছে, পাশাপাশি জ্বালানি ও পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সাধারণত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে সময় ও জ্বালানি সাশ্রয় হয়। কিন্তু বর্তমান নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ পথ ঘুরে চলতে হওয়ায় প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত সময় যুক্ত হচ্ছে, যা ব্যয়ের চাপ আরও বাড়াচ্ছে।
ইতোমধ্যে আর্থিক সংকটে থাকা স্পাইসজেটের জন্য এ সিদ্ধান্ত নতুন করে বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। গত বছরের ডিসেম্বর প্রান্তিকের হিসাব অনুযায়ী, সংস্থাটি ২৬৯ কোটি রুপির বেশি লোকসান গুনেছে। এ অবস্থায় বাড়তি জ্বালানি ব্যয় তাদের আর্থিক চাপ আরও তীব্র করবে বলে মনে করছেন এভিয়েশন খাতসংশ্লিষ্টরা।
বকেয়া পরিশোধ করে পুনরায় অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতের এই রুটগুলোতে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা স্পাইসজেটের জন্য কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।