গাজায় রক্তাক্ত দিন: একদিনে ৬৯ জন নিহত, মোট মৃত্যু ৬১ হাজার ৫০০ ছাড়াল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজায় রক্তাক্ত দিন: একদিনে ৬৯ জন নিহত, মোট মৃত্যু ৬১ হাজার ৫০০ ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

১২ আগষ্ট ২০২৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনীর গোলাবর্ষণে সোমবার (১১ আগস্ট) আরও ৬৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩৬২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আইডিএফ-এর অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৯৯ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন। মন্ত্রণালয় জানায়, শুধু হাসপাতালে পৌঁছানো নিহত ও আহতদেরই এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে থাকা বহু মরদেহ উদ্ধার সম্ভব হয়নি সরঞ্জামের অভাব এবং অব্যাহত বোমাবর্ষণের কারণে।

সামরিক হামলার পাশাপাশি ইসরায়েল গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহও কঠোরভাবে সীমিত করেছে, যার ফলে ভয়াবহ খাদ্যসংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন ২২২ জন, যার মধ্যে ১০১ জন শিশু। সোমবারও খাদ্যাভাবজনিত কারণে এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

ত্রাণ সংগ্রহে আসা সাধারণ মানুষকেও লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এভাবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৭২ জন। খাদ্যাভাব, অপুষ্টি ও ত্রাণ নিতে গিয়ে নিহতদেরও মোট প্রাণহানির পরিসংখ্যানে ধরা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর পরদিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। টানা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও, ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু হয়। দ্বিতীয় দফায় গত প্রায় পাঁচ মাসে নিহত হয়েছেন আরও ৯ হাজার ৯৮৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৪১ হাজার ৫৩৫ জন ফিলিস্তিনি।

জিম্মিদের মধ্যে অন্তত ৩৫ জন এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের উদ্ধারে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে আইডিএফ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT