শেরপুর পারিবারিক কলহের একপর্যায়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা যুবকের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

শেরপুর পারিবারিক কলহের একপর্যায়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা যুবকের

মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

স্ত্রী ও মায়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নূর হোসেন (৩০) নামে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর হোসেন দুই বছর আগে ঘাকপাড়া গ্রামের সুমাইয়ার সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্ত্রী ও মায়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে নূর হোসেন মানসিক চাপে ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান।

বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসেন নূর হোসেন। স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে স্ত্রী সুমাইয়া পরিবারের মাধ্যমে তার খোঁজ নিতে বলেন। পরে তার বাবা শামছুল হক ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান।

ঘটনাস্থলে জানালার পাশে হাতের লেখা একটি নোট ও ডায়েরিতে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে স্ত্রীকে উদ্দেশ করে ক্ষমা চাওয়া, একমাত্র মেয়ের জন্য দুঃখপ্রকাশ এবং দেনা-পাওনা মেটাতে বাবার প্রতি অনুরোধ ছিল। তবে সেখানে কারও বিরুদ্ধে আত্মহত্যার জন্য দায় আরোপ করা হয়নি।

নূর হোসেন এক কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT