অবরোধ-সহিংসতায় খাগড়াছড়ি অচল, সেনাবাহিনীর দাবি বড় ষড়যন্ত্রে জড়িত ইউপিডিএফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার

অবরোধ-সহিংসতায় খাগড়াছড়ি অচল, সেনাবাহিনীর দাবি বড় ষড়যন্ত্রে জড়িত ইউপিডিএফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে
খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মঙ্গলবার ব্রিফিং করেন।

ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে অবরোধে সহিংসতা; তিন পাহাড়ি নিহত, সেনাসহ বহু আহত, দোকানপাট বন্ধ ও যান চলাচল স্থবির, এলাকায় ১৪৪ ধারা বহাল

খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার জন্য ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করেছেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংগঠনটি সাধারণ পাহাড়ি নারী ও ছাত্রদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্রে গুলি চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার এই প্রচেষ্টা একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যার প্রমাণাদি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে।

২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগের পর “জুম্ম ছাত্র-জনতা” ব্যানারে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডাকা হয়। এ কর্মসূচি থেকে ২৮ সেপ্টেম্বর গুইমারায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে তিনজন পাহাড়ি নিহত হন, আহত হন সেনা কর্মকর্তাসহ বহু পাহাড়ি ও বাঙালি। গুইমারার রামসু বাজারসহ একাধিক ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত লোকজন এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

চতুর্থ দিনের মতো অবরোধ চলায় খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা মহাসড়ক বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও অচল হয়ে পড়েছে। ফলে শতাধিক ট্রাক আটকে থেকে ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন পরিবহন শ্রমিকরা। শহর ও আশপাশের এলাকায় দোকানপাট বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। সেনা, পুলিশ ও বিজিবি টহল অব্যাহত রেখেছে।

এদিকে ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা সেনাবাহিনীর অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা কোনো সহিংসতার সঙ্গে জড়িত নন। বরং সেনারা সাধারণ পাহাড়ি জনগণের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি এবং জাতিসংঘ অংশগ্রহণে তদন্ত দাবি করেন। অন্যদিকে আন্দোলনকারী সংগঠনের নেতারা প্রশাসনের সঙ্গে বৈঠকে ১৪৪ ধারা প্রত্যাহারসহ আট দফা দাবি পেশ করেছেন, তবে সমঝোতায় পৌঁছানো যায়নি।

রিজিয়ন কমান্ডার পরিস্থিতি শান্ত রাখতে ইউপিডিএফকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবে সবাই যেন নিরাপদে অংশ নিতে পারে, সে ব্যবস্থা সেনাবাহিনী করবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT