টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে
মো. হানিফ (২২)
মো. হানিফ (২২)

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২২) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের শাহাজাহান দ্বীপ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে গুরুতর আহত মো. হানিফ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্ববিল গ্রামের ফজল করিমের ছেলে।

ঘটনার একদিন আগেই একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশুসহ দুইজন আহত হন। আহত শিশুটি—হুফাইজা আফনান—আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়ার ৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তের নাফ নদ এলাকায় মাইন বিস্ফোরণে একজন জেলে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় মাইন পুঁতে রাখা হয়েছে। নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে কাজ চলছে।

তিনি আরও জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সীমান্ত এলাকায় ঘোরাঘুরি না করার জন্য সচেতন করা হচ্ছে।

মাইন বিস্ফোরণের খবরে ক্ষুব্ধ স্থানীয়রা টেকনাফ-হোয়াইক্যং সড়ক অবরোধ করেন। একইসঙ্গে গুলিতে আহত শিশু হুফাইজা আফনানের চিকিৎসা ও সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

লম্বাবিল এলাকার বাসিন্দা শাকিল বলেন, “আমরা সকালে সীমান্তে গুলিতে আহত শিশুর চিকিৎসা ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছিলাম। এর মধ্যেই নাফ নদে মাইন বিস্ফোরণের খবর আসে। এতে মানুষ আরও ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্তে মাইন বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এদিকে মিয়ানমারের রাখাইন প্রদেশে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় কয়েকদিন ধরেই তীব্র সংঘাত চলছে। রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে এ সংঘর্ষ চলছে। সংঘাতের জেরে সীমান্তে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজিবি জানিয়েছে, সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT