নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৯৯ বার দেখা হয়েছে
বিভুরঞ্জন সরকার

প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকি সংলগ্ন নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে কলাগাছিয়া নৌপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে দৈনিক আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে বনশ্রীর কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। কিন্তু পরে জানা যায় তিনি অফিসে যাননি। তার মোবাইল ফোনটিও বাসায় ফেলে যান। রাত অবধি বাসায় না ফেরায় ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, শুক্রবার দুপুরে খবর আসে নদীতে একটি লাশ ভাসছে। বিকেল তিনটার দিকে ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। লাশের পরনে ছিল হাফ হাতা শার্ট এবং গলায় ঝুলছিল চশমা। মাথায় কাঁচাপাকা চুল ও টাক দেখা যায়। লাশের ছবি রমনা থানায় পাঠানো হলে স্বজনরা বিভুরঞ্জন সরকার হিসেবে শনাক্ত করেন।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কীভাবে তিনি সেখানে গেলেন এবং মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে তার মৃত্যু হয়েছে একদিন আগে। আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে দেহ কিছুটা বিকৃত হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রমনা থানার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং বিশ্লেষণের মাধ্যমে তার গতিপথ খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া অন্যান্য সূত্র থেকেও তথ্য যাচাই করা হচ্ছে।

আজকের পত্রিকা সূত্রে জানা গেছে, বিভুরঞ্জন সরকার ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে বের হলেও কোথাও যাননি। তার ভাই চিররঞ্জন সরকারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে খোঁজখবর চেয়েছিলেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী মহলে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর স্পষ্ট হবে বিভুরঞ্জন সরকারের মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT