উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটে উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা দলে দলে, সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে। সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন।’

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে। ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের গুরুত্ব তুলে ধরেন।

ভোটের দিনকে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ হিসেবে আখ্যায়িত করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আসুন, উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের এক স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করি।’

তরুণ ও নারী ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে এবং জাতিকে নতুনভাবে গঠিত করবে।’

তিনি বলেন, তরুণদের স্বপ্ন, মেধা ও শক্তিই আগামী বাংলাদেশের ভিত্তি। এই ভোট তরুণদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ।

গত ১৭ বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে না পারার বাস্তবতার কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনারা বড় হয়েছেন এমন এক পরিবেশে, যেখানে ভোটের মুখোশ ছিল—কিন্তু ভোট ছিল না; ব্যালট ছিল—কিন্তু ভোটার ছিল না। এই বঞ্চনার মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে।’

তবে তরুণরা আশা ছাড়েননি উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলন, প্রতিবাদ ও স্বপ্নের মধ্য দিয়ে আপনারাই একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছেন। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিন এসেছে।’

নারীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণআন্দোলনে নারীরা সম্মুখসারিতে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানেও নারীরা নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, নারী শ্রমিক, উদ্যোক্তা ও ক্ষুদ্রঋণভিত্তিক কর্মকাণ্ড দেশের অর্থনীতির শক্ত ভিত। পরিবার ও সমাজ টিকিয়ে রাখার পাশাপাশি রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থেকে নারীরা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন।

‘এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা,’—বলেন অধ্যাপক ইউনূস।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT