নোটিশ:

নবীনদের পদচারণায় মুখরিত শেকৃবি

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে
1000042676

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনভর ক্যাম্পাসজুড়ে নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে শেকৃবি প্রাঙ্গণ।

সকালে টিএসসি কমপ্লেক্সের সম্মুখ প্রাঙ্গণে সক্রিয় ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রঙিন স্টল সাজিয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরে। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা। সকাল ৯টায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় এবং ৯টা ৪৫ মিনিটে নবীন শিক্ষার্থীরা টিএসসি মিলনায়তনে আসন গ্রহণ করেন।

সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। নবীনদের পক্ষ থেকে বিল্লাল হোসেন আবির ও মোছাঃ ফাহমিদা আক্তার তাদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ নবীনদের স্বাগত জানিয়ে বলেন, “আদিযুগে কৃষিকাজের সূচনা করে মেয়েরা, তাই নতুন মেয়েদের আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়কে পছন্দ করায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণ নিয়োজিত। শেকৃবিতে কোনো র‌্যাগিং নেই, এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। ড. বেলাল তার বক্তব্যে শেকৃবির ঐতিহ্য তুলে ধরে বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কোষাধ্যক্ষ নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই একটি পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী অগ্রসর হলে তবেই সাফল্য আসবে।

আলোচনা পর্ব শেষে বিকেল ২টায় আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী কোর্স লে-আউট উপস্থাপন করেন এবং ২টা ১৫ মিনিটে উপ-উপাচার্য কৃষি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় সম্পন্ন হয়।

দিনব্যাপী আয়োজনে বিকেল ২টা ৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হলে নবীন ও বর্তমান শিক্ষার্থীরা মেতে ওঠে উচ্ছ্বাসে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT