চাঁদাবাজির বিরুদ্ধে লাইভে গিয়ে খুন: গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন কুবির নটরডেমিয়ান পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ: ১১০ এতিম শিশুর সঙ্গে ইফতার চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসপাতালে ভর্তি শিক্ষার্থী , অফিস টাইম ছাড়া কল না দেওয়ার নির্দেশ হল প্রভোস্টের জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ের সাথে বুটেক্সের এক্সচেঞ্জ সেমিস্টার বাস্তবায়ন, সুযোগ পেলো তিন শিক্ষার্থী রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মধ্যযুগীয় বর্বরতা বনাম অধুনাকালিক বর্বরতা

চাঁদাবাজির বিরুদ্ধে লাইভে গিয়ে খুন: গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুক লাইভে সরব হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্মম হত্যার শিকার হলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

৩৮ বছর বয়সী তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ফেলে। আত্মরক্ষায় তিনি পাশের দোতলা ভবনে নিজের অফিসের নিচের চায়ের দোকানে আশ্রয় নেন, কিন্তু সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়। পরে দুর্বৃত্তরা তার গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার কয়েক ঘণ্টা আগে তুহিন গাজীপুর চৌরাস্তার ফুটপাত ও দোকান থেকে চাঁদাবাজির বিরুদ্ধে একটি ফেসবুক লাইভ করেন। পরে তিনি তার প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন— ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’

বাসন থানার ওসি শাহীন খান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম বলেন, প্রকাশ্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই নির্মম ঘটনায় গাজীপুরের সাংবাদিক সমাজে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT