অবশেষে ঐকমত্য কমিশনের বৈঠকে যোগদান করল জামায়াত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

অবশেষে ঐকমত্য কমিশনের বৈঠকে যোগদান করল জামায়াত

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দিনের বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল অংশ নিয়েছে, যদিও প্রথম দিন তারা অনুপস্থিত ছিল।

বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। জামায়াতের পক্ষে অংশগ্রহণ করেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ।

বৈঠকে কেন প্রথম দিন অনুপস্থিত ছিল জামায়াত—এ প্রশ্নের জবাবে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “এখন বলব না, পরে জানাব।”

আজকের আলোচ্যসূচিতে ছিল আগের অসমাপ্ত বিষয়গুলোর নিষ্পত্তি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ১৯ জুন বৈঠকের তৃতীয় দিনেও আলোচনা চলবে।

বিএনপিসহ এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ আরও কয়েকটি রাজনৈতিক দল আজকের আলোচনায় অংশ নিয়েছে।

এর আগে মঙ্গলবার জামায়াত জানায়, তারা ঐকমত্য কমিশনের প্রথম দিনের বৈঠকে যোগ দেবে না। তখন দলটির নায়েবে আমির ডা. তাহের জানান, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দেওয়া যৌথ ঘোষণায় জামায়াতকে উপেক্ষা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা প্রথম দিনের বৈঠকে অংশ নেয়নি। যদিও পরে কমিশন জামায়াতকে পুনরায় আমন্ত্রণ জানায়, কিন্তু নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরেও তারা বৈঠকে যোগ দেয়নি।

অবশেষে দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণে নতুন মাত্রা পেয়েছে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT