জাতীয় ফল কাঁঠাল পেল জিআই স্বীকৃতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাতীয় ফল কাঁঠাল পেল জিআই স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪১৫ বার দেখা হয়েছে

বাংলাদেশের মাটি ও মানুষের গর্ব জাতীয় ফল কাঁঠাল। আর সেই কাঁঠালের রাজধানী বলে পরিচিত গাজীপুর জেলার নাম এবার বিশ্বে গৌরবের স্বীকৃতিতে ঠাঁই করে নিলো। দেশের জনপ্রিয়, সুস্বাদু আর সুবাসিত এই কাঁঠাল ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা পেল। শুধু স্বাদ আর ঘ্রাণেই নয়, উৎপাদনের দিক দিয়েও গাজীপুর সবার আগে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে গাজীপুর জেলায় কাঁঠালের চাষ হয়েছে ৯ হাজার ১০৩ হেক্টর জমিতে। এরমধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৫৫২ হেক্টর জমিতে কাঁঠাল উৎপন্ন হয়েছে শ্রীপুর উপজেলায়। ফলনও বিপুল। এই জেলায় প্রতি বছর উৎপাদিত হয় আড়াই লাখ মেট্রিক টনেরও বেশি কাঁঠাল। শুধু সংখ্যাই নয়, গাজীপুরের কাঁঠাল মানেও এক ভিন্নমাত্রার স্বাদ, সুবাস আর আকার। উঁচু জমি, বন্যামুক্ত পরিবেশ আর অনুকূল আবহাওয়াই এই কাঁঠালের এমন গুণের মূল রহস্য। এখানকার খাজা, গালা আর দুরসা জাতের কাঁঠাল দেশের বাজার দাপিয়ে বেড়াচ্ছে বহু বছর ধরেই।

গাজীপুরের মানুষের মুখে এখন শুধু একটাই কথা—এই কাঁঠাল শুধু দেশেই নয়, দেশের সীমানা পেরিয়ে বিদেশেও নিজের নাম উজ্জ্বল করবে। স্থানীয়রা মনে করেন, যদি উপযুক্ত সরকারি নীতিমালা, অবকাঠামো উন্নয়ন, হিমাগার ও রপ্তানি সুবিধা নিশ্চিত করা যায়, তবে গাজীপুরের কাঁঠাল হবে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ইতোমধ্যে অনেক উদ্যোক্তা স্থানীয়ভাবে কাঁঠাল দিয়ে তৈরি করছেন চিপস, চপ, বার্গার, এমনকি প্যাকেটজাত শুকনা কাঁঠালও। যার বিক্রি বাড়ছে দিনকে দিন। এতে করে গ্রামীণ অর্থনীতিতে এসেছে প্রাণচাঞ্চল্য।

গাজীপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান জানালেন, গাজীপুরের কাঁঠালের স্বাদ, গন্ধ আর গুণগত মান দেশের অন্য যেকোনো জায়গার তুলনায় অনন্য। এই বিশেষ বৈশিষ্ট্যকেই সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর সহায়তায় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে জিআই স্বীকৃতির আবেদন করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বছরের ৬ মার্চ ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩-এর ধারা ১২ অনুযায়ী গাজীপুরের কাঁঠালকে জিআই জার্নাল-৭১-এ অন্তর্ভুক্ত করা হয়। পরে ৮ মার্চ এটি প্রকাশিত হয় ডিপিডিটির ওয়েবসাইটে। আর এতেই দেশের ৪৭তম নিবন্ধিত জিআই পণ্যের মর্যাদা পায় গাজীপুরের কাঁঠাল।

এদিকে, ৩০ এপ্রিল ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে এক আলোচনা সভা ও জিআই পণ্যের সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গাজীপুর জেলার কাঁঠালকে আনুষ্ঠানিকভাবে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ প্রদান করা হয়। এ সম্মান শুধু একটি স্বীকৃতি নয়, বরং সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গাজীপুরের কাঁঠালের পাশাপাশি এ বছর সুন্দরবনের মধু, কুমিল্লার খাদি, মধুপুরের আনারস, বরিশালের আমড়া, নরসিংদীর লটকন, সিরাজগঞ্জের গামছা-লুঙ্গীসহ আরও ২৪টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এতে করে দেশের ঐতিহ্যবাহী পণ্যসমূহ বিশ্ববাজারে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ পেল। বাংলাদেশের মাটি, মানুষের ঐতিহ্য আর সম্ভাবনার গল্প আরও এক ধাপ এগিয়ে নিল গাজীপুরের এই কাঁঠাল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT