নোটিশ:

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার দেখা হয়েছে
মালিবাগ দুর্ঘটনা

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিএনজি চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের মৌচাক অংশে ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভোরের দিকে ফ্লাইওভারে চলাচলের সময় সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যান দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান বলেন, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় বসবাস করতেন।
অন্যদিকে নিহত ইয়াসিন আরাফাত আশিক থাকতেন দক্ষিণ মুগদা এলাকায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ইয়াসিন ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT