কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনে নেতৃত্ব বাছাই শুরু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনে নেতৃত্ব বাছাই শুরু

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নেতৃত্ব বাছাইয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ তিন সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে।

রবিবার (২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন— কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও মো. নাজমুচ্ছাকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গণে প্রত্যাশিত ছাত্ররাজনীতি, শিক্ষার পরিবেশ, আবাসন ও খাবারের মানোন্নয়ন, কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতাসহ সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ বলেন,

“আমরা আগামী ৪ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে নতুন কর্মী সংগ্রহের জন্য সদস্য ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করব। এরপর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তারা কী ধরনের পরিবেশ ও নেতৃত্ব চান, সেটাই বিবেচনায় রেখে নতুন কমিটি গঠন করা হবে।”

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ জুন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুবি শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই কমিটিই এখন পর্যন্ত দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT