নোটিশ:

চীনে নির্মাণাধীন বিএসসি জাহাজ পরিদর্শনে উপদেষ্টা ড. সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে
বিএসসি’র আধুনিক বাল্ক ক্যারিয়ার নির্মাণাধীন জাহাজ পরিদর্শন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র নির্মাণাধীন জাহাজসমূহ পরিদর্শন করেছেন। গত শুক্রবার তিনি চীনের জিংজিয়াং নানইয়াংশিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ড ঘুরে দেখেন। জাহাজের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে বিএসসি তার নিজস্ব অর্থায়নে দু’টি ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহ করছে। সম্প্রতি ক্রয় কমিটি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজগুলোর নির্মাণকাজের অগ্রগতি, প্রযুক্তিগত মান, প্রধান যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ বাল্ক ক্যারিয়ার দু’টি যুক্ত হলে বাংলাদেশের নৌবহর আরও শক্তিশালী হবে, আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বাড়বে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, সরকারের দিকনির্দেশনা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বহর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন জাহাজ যুক্ত হলে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহণ সক্ষমতা বাড়বে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নৌপরিবহন খাত আরও শক্তিশালী হবে। প্রথম জাহাজটি আগামী সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়টি নভেম্বর মাসে বিএসসি’র বহরে যুক্ত হবে। এই উদ্যোগের মাধ্যমে বিএসসি তার বহর আধুনিকায়ন করে দেশের আন্তর্জাতিক বাণিজ্যে কার্যকর ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT