কুবিতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

- আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
- ৮ বার দেখা হয়েছে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কয়েক দিন ধরে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাব-স্টেশন না থাকা এবং শিক্ষার্থীদের জন্য জেনারেটর সুবিধা না থাকায় ভোগান্তি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বাভাবিক আবহাওয়াতেও প্রতিদিন গড়ে ছয়-সাতবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। এতে ক্লাস, ল্যাব, প্রেজেন্টেশন ও অন্যান্য একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, বিদ্যুৎ না থাকলে হলের ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনলাইননির্ভর একাডেমিক কাজেও সমস্যা হয়।
কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, বিশ্ববিদ্যালয়কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার আওতায় আনা প্রয়োজন, কারণ মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাবসহ অনেক কার্যক্রম বিদ্যুতের ওপর নির্ভরশীল।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার (বৈদ্যুতিক) মো. জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট এবং কিছু সময় গাছপালা কাটার কাজ ও লোডশেডিংয়ের কারণে সংযোগ বন্ধ ছিল।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে।





Leave a Reply