নোটিশ:

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জ গ্যাস লিকেজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হিরাজিল এলাকার একটি টিনসেড ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস) এবং দুই বোনের মা তাহেরা খাতুন (৬০)। দগ্ধ আসমা ও সালমা দু’জন আপন বোন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, টিনসেড ঘরটির পাশ দিয়েই গ্যাস লাইনের পাইপ গেছে। ওই পাইপ থেকে গ্যাস লিক হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। রাতের বেলা চুলা বা কোনো স্ফুলিঙ্গের সংস্পর্শে আগুন ধরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হন পরিবারের সবাই। পরে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ভোরে ঢাকায় নিয়ে আসেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, দগ্ধ ১০ জনকে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। ইতিমধ্যে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস পাইপলাইনে ফাটল থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT