শেরপুরে নিখোঁজের চার দিন পর সপ্তম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

- আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
- ১৫৪ বার দেখা হয়েছে


শেরপুরের নালিতাবাড়ীতে চার দিন নিখোঁজ থাকার পর মাইমুনা (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইমুনা স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
এরপর সোমবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে কচুরিপানার নিচে ভেসে থাকা লাশ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লাশ উদ্ধার করে। পরে পরিবার নিশ্চিত করে, সেটি নিখোঁজ মাইমুনার লাশ।
স্থানীয় ইউপি সদস্য এসআই শাহীন সাফওয়ান বলেন, “এটি হত্যা না দুর্ঘটনা—তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে যদি এটি হত্যা হয়ে থাকে, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
মাইমুনার কাকা শুক্কুর আলী জানান, “আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে ময়নাতদন্তের পর সঠিক ঘটনা উদঘাটন হবে বলে আশা করছি।”
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





Leave a Reply