নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

বাংলাদেশে ৮টি আইকনিক মসজিদ নির্মাণ হবে ২৪৪ কোটি টাকার সৌদি অনুদানে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে
saudi ambessador
আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে সৌদি সরকারের রাজকীয় অনুদানে ৮টি আইকনিক মসজিদ। এ প্রকল্পে সৌদি আরব ২৪৪ কোটি টাকা দেবে বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এই আর্থিক সহায়তার কথা জানান তিনি।

সাক্ষাৎ শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের জানান, সৌদি আরবের অর্থায়নে মসজিদ নির্মাণের কাজ দ্রুত শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি বিভাগ থেকে জমি সংক্রান্ত প্রস্তাবনা পাওয়া গেছে। বাকি জায়গাগুলোর ক্ষেত্রেও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। এসব মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান হিসেবে নয়, বরং দৃষ্টিনন্দন ও স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবেও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত রয়েছেন। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একই সঙ্গে তারা সৌদি সরকারের ভিশন-২০৩০ বাস্তবায়নেও উল্লেখযোগ্য অবদান রাখছেন।” তিনি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের অনুদান দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে হজ ব্যবস্থাপনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ধর্ম উপদেষ্টা এবারের সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকার ও তাদের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী বছরের হজ ব্যবস্থাপনায় কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি। এর মধ্যে রয়েছে মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুমের সংখ্যা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মিনার তাঁবুতে বিছানার সাইজ বাড়ানো ইত্যাদি।

রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে নেবেন বলে জানান এবং বিষয়গুলো তার দেশের সরকার ও হজ মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও জানান, বাংলাদেশের উন্নয়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নিতে সৌদি সরকার আগের চেয়েও বেশি সহযোগিতা করবে।

এই সময় আরও আলোচনা হয় হজযাত্রীদের লাগেজ ট্র্যাকিংয়ে আরএফআইডি প্রযুক্তি ব্যবহারের বিষয়, ঢাকায় আরবী ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের ওপর।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক এবং হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT