নোটিশ:

পাংশায় সাংবাদিক আকাশ মাহমুদকে মারধর: মামলার এক আসামি বিশু সরদার গ্রেপ্তার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে
পাংশায় সাংবাদিক মারধরের ঘটনায় বিশু সরদার গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদকে মারধরের ঘটনায় মো. বিশু সরদার নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদকে মারধরের ঘটনায় মো. বিশু সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার বিশু সরদার উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৬ বিকেল ৬টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে অটোরিকশাচালকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর (মাল্টিমিডিয়া) প্রতিনিধি এবং এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন।

এ সময় কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাঁকে এলোপাতাড়িভাবে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ ঘটনায় আহত সাংবাদিক মো. আকাশ মাহমুদ বাদী হয়ে ২৬ জুলাই ২০২৬ পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে মো. বিশু সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্ত মো. বিশু সরদারকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT