কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রিশাদ। সে ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। শিশুটির বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকায় রিশাদ তার দাদীর কাছে বসবাস করছিল।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে অসাবধানতাবশত পাশের খালে পড়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে খালে ভাসমান অবস্থায় রিশাদকে দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি ইউডি মামলা করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT