নোটিশ:

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পেশ ইমামের মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার দেখা হয়েছে
মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০)

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ইমামের মৃত্যু হয়েছে। নিহত ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) কিশোরগঞ্জ সদর মডেল থানার মসজিদের পেশ ইমাম ছিলেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। শহরের জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ইমাম ও অটোরিকশাচালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। আহত চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে আংশিকভাবে রাস্তা বন্ধ রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তার বাবা গুরুতর আহত হন এবং পরে মারা যান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়ে গিয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT