হেফাজত অভিনন্দন জানাল তারেক-বিএনপি-কে, নতুন সরকারের জন্য সুশাসনের আহ্বান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

হেফাজত অভিনন্দন জানাল তারেক-বিএনপি-কে, নতুন সরকারের জন্য সুশাসনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি জোটকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনাও করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা ও গণরায়ের ভিত্তিতে অর্জিত এই বিজয় দেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছে। তারা বলেন, রাষ্ট্রক্ষমতা আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক কঠিন আমানত; এটি সম্মান লাভের বিষয় নয়, বরং জনগণের হক আদায়ের গুরুদায়িত্ব।

নেতৃদ্বয় আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হবে এবং ন্যায়বিচার, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে। মসজিদ-মাদ্রাসা, আলেম-ওলামা ও জনগণের ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণ, আইনের শাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ইসলামি শিক্ষা, সভ্যতা ও তাহজীব-তামাদ্দুন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। দেশের সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষার পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপরও জোর দেওয়া হয়।

নির্বাচন-পরবর্তী সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে হেফাজত নেতারা বলেন, এসব পরিস্থিতি কোনো জাতির জন্য কল্যাণকর নয়। তারা নতুন সরকারের প্রতি কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক হিসেবে গড়ে তোলার সুপারিশ করেন। তরুণ সমাজকে নৈতিক মূল্যবোধভিত্তিক কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পথে পরিচালিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে এবং উস্কানিমূলক বক্তব্য, মিথ্যা তথ্য প্রচার ও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাই একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ার ভিত্তি বলে উল্লেখ করেন তারা।

দুর্নীতি, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে সতর্ক করে নেতৃদ্বয় বলেন, জনগণের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বিশেষভাবে দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতিশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষাংশে তারা নতুন সরকারের জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন তাদের সত্য ও ন্যায়ের পথে অটল রাখেন এবং জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT