ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ

- আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
- ১৫ বার দেখা হয়েছে


জ্বালানি ডেস্ক: ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটি দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প হবে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানিয়েছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পিএলসি। ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৮ দশমিক ১০ কোটি টাকা। অর্থায়নে থাকবে বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ও ইজিসিবির নিজস্ব তহবিল। প্রকল্প শেষের লক্ষ্য ৩০ জুন ২০২৮।
বাসসের প্রতিবেদন অনুযায়ী, জুন ২০২৮ থেকে কেন্দ্রটি বছরে আনুমানিক ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এতে প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর পিভি মডিউল, ২৬টি ইনভার্টার ও দুটি সাবস্টেশন বসানোর পরিকল্পনা রয়েছে।
প্রকল্পে একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালনের ‘অ্যাগ্রিভোল্টাইক’ ধারণাও রাখা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় স্থানীয় এক হাজার বেকার তরুণ ও নারীকে দক্ষতা প্রশিক্ষণ এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সূত্র: বাসস, ১৭ নভেম্বর ২০২৬। ছবি প্রতীকী।






Leave a Reply